Socialism Communism Xi Jinping Mao USSR China

সহজ কথায় চীনা সমাজতন্ত্র

08-November-2026 by east is rising 20

একটি ভালো ছাত্র বা ছাত্রী বানাবেন কীভাবে?

প্রথমত, লাগবে বিনামূল্যে কিছু এন্ডৌমেন্ট যেমন বিদ্যালয়, শিক্ষক, বই, খাতা, পেন, পেনসিল। বর্তমান যুগে আরও ভালো হয় যদি দেওয়া যায় ল্যাপটপ, ওয়াইফাই, এ আই সাবস্ক্রিপশন।

দ্বিতীয়ত লাগবে ইনসেনটিভ যেমন পড়াশুনা না করলে ফেল করবে, ভালো রেজাল্ট করলে পুরস্কার পাবে আর সামাজিক ভাবেও সম্মান পাবে। (একে মার্ক্সবাদী সাহিত্যে শ্রম বা মেধা অনুযায়ী প্রদানও বলে থাকে।)

তৃতীয়ত লাগবে প্রতিযোগিতা অর্থাৎ ক্লাসের এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার ও একে অপরকে ছাপিয়ে যাওয়ার মানসিকতা।

প্রথম অংশ অর্থাৎ বিনামূল্যে এন্ডৌমেনট সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এগুলো দীর্ঘকালীন বিনিয়োগ এবং বিনিয়োগের ফল আসবে অনেক পরে। যদি ছাত্র বা ছাত্রী মেধাবী কম হয় তবুও মিনিমাম ক্লাস ১২ অবধি পড়া দরকার অর্থাৎ ১৫ বছরের বিনিয়োগ দরকার। আর যদি মোটামুটি মেধার স্নাতক হয় তাহলেও ১৮ বছর এই বিনিয়োগ করতে হবে। উচ্চ মেধাবী হয়ে উচ্চ শিক্ষা করলে ২০-২৫ বছরের বিনিয়োগ দরকার।

এই বিনিয়োগ যদি পরিবার থেকেই আসে তাহলে কেবল ধনী ও মধ্যবিত্ত পরিবারই তাদের সন্তানের পেছনে এই বিনিয়োগ করবে। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা মেধাবী হলেও পিছিয়ে পড়বে। তাই এই এন্ডৌমেনট বিনিয়োগ রাষ্ট্রকেই করতে হবে। তবেই ১৫-২৫ বছর পরে উচ্চ উৎপাদনশীল শ্রমিক পাবে সমাজ এবং রাষ্ট্রের পক্ষে উচ্চ উৎপাদনশীল শ্রমিকদের থেকে বেশি কর তুলে বিনিয়োগের খরচ তুলে নেবে অনায়াসেই।

কিন্তু রাষ্ট্র বিনামূল্যে এন্ডৌমেনট দিলেই শুধু হবেনা। বই পেলো কিন্তু পড়ল না, বিদ্যালয় ফাঁকি দিয়ে সিনেমা দেখলো, নেট ব্যবহার করে ল্যাপটপে রিল আর মুভি দেখলো। তাহলে তো হবেনা। তাই চাই ইনসেনটিভ। ফেল করার ভয় থাকলে পড়াশুনা করতে বাধ্য হবে। ভালো ফল করে পুরস্কার ও সম্মান পাওয়ার লোভ সিনেমা দেখা থেকে বিরত রাখবে। তাহলেই রাষ্ট্রের দেওয়া এন্ডৌমেনটের সঠিক ব্যবহার হবে।

আরও ভালো হবে যখন ছাত্র বা ছাত্রী পাবে ক্লাসে এবং বিদ্যালয়ে প্রতিযোগিতার পরিবেশ। একে অপরকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছে প্রগাঢ় হলে ছাত্র ছাত্রীদের পড়াশুনা করার তাগিদ আরো বাড়বে।

এবার ছাত্র ছাত্রীর জায়গায় আপনি যদি শিল্প কৃষি পরিষেবা ভাবেন তাহলেও ব্যাপারটা একই। যে কোনও বিশেষ শিল্পকে দাঁড় করাতে গেলে চাই দীর্ঘ মেয়াদি অলাভজনক বিনিয়োগ যা রাষ্ট্রই মূলত করতে পারে। কিন্তু সেই বিনিয়োগের ব্যবহার সঠিকভাবে হচ্ছে কি না তা বুঝতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাজার দখল অনুযায়ী অর্থ বরাদ্দ করতে হবে। বেশি উৎপাদনশীল শ্রমিক ও ম্যানেজমেন্টকে বেশি টাকা দিতে হবে। আর চাই ওই শিল্পের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চরম প্রতিযোগিতা। এখানে রাষ্ট্রের কাজ কোনো একচেটিয়া কারবার সহ্য না করা।

যেমন বৈদ্যুতিক গাড়ির জন্য চাই ইলেকট্রিক চার্জিং স্টেশন। ইলেকট্রিক চার্জিং স্টেশন আগে পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে হবে। তাহলেই মানুষ বৈদ্যুতিক গাড়ি কিনবে আর বৈদ্যুতিক গাড়ি বানিয়ে লাভ হবে। অতএব রাষ্ট্রকে কোনো স্বল্প মেয়াদী লাভের আশা ছাড়াই ইলেকট্রিক চার্জিং স্টেশন বানাতে হবে। দীর্ঘ দিন ধরে লাভ ছাড়াই বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে যেতে হবে। এবং অনেক প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা করাতে হবে। তবেই বিশ্ব বাজার দখল করা যাবে।

বিশ্ব জুড়ে সমাজতন্ত্র বলতে অনেকে কেবল বিনামূল্যের এন্ডৌমেনট বোঝে আর পুঁজিবাদ বলতে বোঝে ইনসেনটিভ ও প্রতিযোগিতা। এই ধারণা ভুল। মার্ক্সের মতে সমাজতন্ত্র হলো পুঁজিবাদ থেকে কমিউনিজমে যাওয়ার পথ। এই পথের মধ্যে পুরোনো পুঁজিবাদের অনেক উপাদানই থাকবে। আর কমিউনিজমের অনেক উপাদান যুক্ত হতে থাকবে। তাই সমাজতন্ত্রের যুগে বিনামূল্যে এনডাউমেনট এর মতন কমিউনিস্ট উপাদান যেমন যুক্ত হবে, তেমনই ইনসেনটিভ ও প্রতিযোগিতার মতো পুঁজিবাদী উপাদান থেকে যাবে দীর্ঘদিন। তাহলেই কেবল উৎপাদিকা শক্তির বিকাশ সম্ভব হবে। এবং সেই পর্যায়ে উৎপাদিকা শক্তি যাবে যে ইনসেনটিভ ও প্রতিযোগিতা তার কার্যকারিতা ধীরে ধীরে হারাবে।

সোভিয়েত ইউনিয়ন ও চীন উভয়েই রাষ্ট্র প্রদত্ত বিনামূল্যের এন্ডৌমেনট ও ইনসেনটিভ (শ্রম অনুযায়ী প্রদান) মেনে চলত। চীন তাতে যুক্ত করেছে প্রতিযোগিতাকে। সোভিয়েত মনে করত পুঁজিবাদী অর্থনীতিতে পুঁজির কেন্দ্রিকরণ হয় কারণ বৃহৎ উৎপাদন ব্যবস্থা ছোট উৎপাদন ব্যবস্থার থেকে বেশি উৎপাদনশীল। তাই প্রতিযোগিতা উপাদান হিসেবে পুঁজিবাদী সমাজেই তার কার্যকারিতা হারাচ্ছে। কিন্তু চীন মনে করে এটা সোভিয়েতের ভুল ব্যাখ্যা।

মার্ক্স বলেছেন পুঁজির কেন্দ্রিভবনের ঝোঁক থাকে পুঁজিবাদী অর্থনীতিতে। কিন্তু এই কেন্দ্রভবনের কারণ শুধু অর্থনৈতিক নয়। বৃহৎ উৎপাদনে এক ইউনিট উৎপাদন পিছু খরচ কম হয় বলে কিছুটা কেন্দ্রীকরণ হয়। তেমনই ঋণ পাওয়ার নেটওয়ার্ক ও রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়েও খানিকটা কেন্দ্রভবন হয়। অর্থাৎ পুঁজিবাদে যতটা পুঁজির পুঁজির কেন্দ্রিকরন হয়, অর্থনৈতিক যুক্তিতে তার থেকে অনেক কম কেন্দ্রকরন হওয়া উচিত। আবার প্রতিযোগিতাই ঠিক করে কতটা কেন্দ্রিভবন হবে। অর্থাৎ পুঁজিবাদে প্রতিযোগিতা উপাদান হিসেবে থাকে। এবং সমাজতন্ত্রের উচিত অর্থনীতি ও খরচ যতটুকু কেন্দ্রিভবণ এলাউ করে তার থেকে বেশি কেন্দ্রীভবন হতে না দেওয়া। অর্থাৎ সমাজতন্ত্র পুঁজিবাদের থেকে প্রতিযোগিতাকে অনেক বেশি করে ব্যবহার করবে।

Author: Saikat Bhattacharya


You may also like