"এআই ৫ বছরের মধ্যেই সব মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে।" এটা কোনো সায়েন্স ফিকশন লেখকের কল্পনা নয় ইলন মাস্ক (Elon Musk) নিজে টেসলা গিগাফ্যাক্টরিতে বসে দ্য ইনসাইডার (The Insider)-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এই দাবি করেছেন।
মাস্কের ভাষায়, ২০৩১ সালের মধ্যেই এআই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তা ছাড়িয়ে যাবে এবং মানুষ হওয়া ছাড়া এমন কিছু থাকবে না যা এআই মানুষের চেয়ে ভালো করতে পারবে না।
সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোঃ
১। "প্রাচুর্যের যুগ": মাস্কের মতে, সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ হলো এমন একটা সময় যেখানে "যে কেউ যা কল্পনা করতে পারে তাই পেতে পারবে" শর্ত থাকে যে বিশ্বযুদ্ধ বা এমন কোনো বিপর্যয় না ঘটে ।
২। মুদ্রাস্ফীতি নয়, মুদ্রাসংকোচনঃ মাস্ক ভবিষ্যদ্বাণী করেন, পণ্য ও সেবার উৎপাদন যদি মুদ্রা সরবরাহের চেয়ে দ্রুত বাড়ে, তাহলে ডিফ্লেশনই আসল সমস্যা হবে। তিনি মনে করেন সরকার সরাসরি মানুষকে চেক পাঠাতে পারবে, কারণ ভবিষ্যতে ট্যাক্সেশনও অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
৩। কাজ ঐচ্ছিক হয়ে যাবেঃ ভবিষ্যতে কাজ করাটা হবে বাগান করার মতো "আপনার প্রয়োজন নেই সবজি ফলানোর, দোকানে নিখুঁত সবজি পাওয়া যাবে। তবু কেউ কেউ শখের বশে বাগান করবে"।
৪। এআই সেফটি কো-অর্ডিনেশনঃ মাস্ক প্রস্তাব দেন, শীর্ষ এআই কোম্পানিগুলোর (গুগল ডিপমাইন্ড, ওপেনএআই, অ্যানথ্রোপিক ইত্যাদি) মধ্যে প্রতি কয়েক সপ্তাহে একটি কল হওয়া উচিত, যেখানে নতুন মডেল রিলিজের আগে প্রতিযোগীরা একে অপরের মডেল টেস্ট করে দেখবে।
চীনা এআই মডেল নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, "কিমি কে৩ (Kimi K3) মডেলটা ফেবলের (Fable) খুব কাছাকাছি চলে আসছে, যদিও বাস্তবসম্মতভাবে ফেবলই এখনো সবচেয়ে স্মার্ট"। তিনি এটাও স্বীকার করেন যে চীনের কাছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারত মিলিয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, যা ভবিষ্যতে এআই রেসে তাদের বড় সুবিধা দেবে।
সবচেয়ে চমকপ্রদ স্বীকারোক্তিটি ছিল নিজের ভুল নিয়ে। ২০২৩ সালে এআই স্লো-ডাউনের পক্ষে সই করা চিঠির প্রসঙ্গে মাস্ক বলেন, তিনি এখন সেই ঝুঁকি সত্ত্বেও "থামার বোতাম থাকলেও তা চাপা উচিত হবে না," কারণ সম্ভাব্য ফলাফল হলো "সবার জন্য অবিশ্বাস্য প্রাচুর্য।" তবে তিনি এখনো বিশ্বাস করেন এআই থেকে মানবতা বিলুপ্ত হওয়ার ঝুঁকি "১০ থেকে ২০ শতাংশ"।
Author: Saikat Bhattacharya