ভাতুরিয়ার ভাদুড়ি আর সাতারের সান্যাল

09-November-2026 by east is rising 3

পাঠান আমলে উত্তরবঙ্গের দুটো জমিদার পরিবার প্রায় স্বাধীন রাজ্যের মতই শক্তিশালী হয়ে ওঠে। প্রথমটা হল একটাকিয়া ভাদুড়ীদের দ্বারা প্রতিষ্ঠিত চলনবিলের উত্তরে ভাদুড়িয়া বা ভাতুড়িয়া। দ্বিতীয় রাজ্যটা হল সান্যালদের প্রতিষ্ঠিত চলনবিলের দক্ষিণে সাতোর বা সাতৈর।

দামনাশ গ্রামের শিখীবাহন সান্যাল এর পুত্র সত্যবান বা সহদেব, বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে ১৩৪২ সালে সাহায্য করেন দিল্লীর বিরুদ্ধে লড়তে। এই সহদেব সান্যালের উল্লেখ 'সহ-দেও' নামে সমকালীন মুসলিম ইতিহাসকারেরাও উল্লেখ করেছেন। এছাড়া পাবনা জেলার ইতিহাসে নদীর তীরে এক ভগ্ন পাঠান কেল্লার উল্লেখ আছে যে জায়গার পুরানো নাম ছিল সহদেবের কেল্লা। ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীও (Nalini Kanta Bhattasali) তার লেখায় এই সহ-দেও নামে হিন্দু সেনাপতির উল্লেখ করেছেন।

আর ভাদুড়ীদের এই একটাকিয়া বংশেই সম্ভবত রাজা গণেশ এবং কালাপাহাড় জন্মগ্রহন করেছিলেন। অন্তত প্রচলিত প্রবাদ এবং বিভিন্ন ঐতিহাসিকরা এই মত প্রকাশ করেছেন। ভাদুড়ীদের দুটো শাখা ছিল। একটা রায় এবং দ্বিতীয়টা খাঁ। রায়'রা মূলত রাজকার্যের সাথে যুক্ত ছিল এবং খাঁ'রা নিযুক্ত হতেন সেনাপতির পদে। এদের পরিবার মাত্র এক টাকা বার্ষিক করের বিনিময়ে বিপুল জমিদারি লাভ করেছিলেন যেজন্য এই পরিবারের নাম ছিল একটাকিয়া ভাদুড়ী। এই পরিবারের সন্তান জগৎনারায়ণ খাঁ সম্ভবত ষোড়শ শতাব্দীতে বাংলায় বাসন্তী দুর্গাপুজোর প্রচলন বা পুনরুজ্জীবন করেন। বাংলার আদি বারো ভূঁইয়া বা মতান্তরে বড় ভূঁইয়াদের মধ্যে এই দুই পরিবারই উল্লেখযোগ্য।

রাজা গনেশের সময় এই ভাদুড়ী এবং সান্যাল পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল। সাঁতরের রাজা অবনীনাথ সান্যালের কন্যার সাথে রাজা গনেশের পুত্রের বিবাহ হয়েছিল। পরবর্তীকালে অবশ্য গনেশ পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহন করেন।

মুঘল রাজশক্তির উদ্ভবের পর পাঠান শক্তির পতন হলে এই দুই রাজ্যেরও পতন হয় এবং তার জায়গায় মুঘল ঘনিষ্ঠ নাটোর রাজের উত্থান হয়। প্রবাদ অনুযায়ী, ভাতুড়িয়ার শেষ রাজা রুপেন্দ্রনারায়ণ তার রাজধানী সাতগড়াতেই (আত্রাইয়ের কাছে অবস্থিত), নাটোর রাজের সাথে যুদ্ধ করতে করতে প্রাণ দেন। সাতগড়ার পুরনো নাম সপ্তদুর্গ। সান্যালেদের সাতোর রাজ্যকেও নাটোর এস্টেট আত্মসাৎ করে নেয় সময়ের সাথে সাথে।

দুর্গাচন্দ্র সান্যালের লেখা 'বাঙ্গালার সামাজিক ইতিহাস' বইতে উপরের লেখা ইতিহাস পাবেন। আমি তার সাথে কিছুটা সংযোজন করেছি আমার ব্যক্তিগত রিসার্চ থেকে। যেমন উপরের ম্যাপে দেখুন ১৭৮৬ সালে মেজর জেমস রেনেল যখন বাংলার মানচিত্র আঁকছেন তখনও তিনি ভাতুড়িয়া পরগণার উল্লেখ করেছেন। নাটোর রাজ এর এক শতাব্দী আগে থেকেই সুপ্রতিষ্ঠিত। কিন্তু মানুষের মুখে এবং সরকারি দলিলে এক বিপুল পরগণার নাম তখনও ভাতুড়িয়া। আমি ফটোশপে লাল রঙ দিয়ে উপরের ছবিতে মার্ক করে দিয়েছি।

কিন্ত গল্পটা এখানেই শেষ নয়। পরবর্তীকালে একটাকিয়া ভাদুড়ী বংশের রায় শাখা থেকে রসিক রায়ের পুত্র রামাকান্ত'কে দত্তক নেওয়া হয় নাটোর রাজবাড়িতে এবং তিনি নাটোরের রাজা হিসেবে প্রতিষ্ঠা পান। যার ফলে তার জ্ঞাতিরা (রায়) চৌগ্রামের জমিদারি লাভ করে। আর খাঁ শাখাটার বাস ছিল আত্রাইয়ের দক্ষিণে খাজুরা বা প্রাচীন খজ্জুরী গ্রামে। এদেরও ক্ষুদ্র জমিদারি ছিল রাজশাহীতেই। এই পরিবারের মেয়ে আমার স্ত্রী (Poushali Khan)। পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ'ও (Dr. Indranil Khan) এই পরিবারের।

সাতোরের সান্যালদের পরবর্তী বংশধরদের কি হল তা আমার জানা নেই। তবে নলিনীকান্ত ভট্টশালী তার লেখায় লিখেছেন যে বিক্রমপুরের মূলচরের সান্যালরা সাতোরবংশীয়। আরো বিভিন্ন জায়গার সান্যাল পরিবারেও অবশ্যই সাতোর রাজ্যের প্রবাদ থাকতে পারে। যেমন, দামনাশ গ্রামের বেশ কিছু সান্যাল এই গ্রুপেই আছেন। Sanjib Sanyal দা যেমন এই পরিবারের বংশধর। এছাড়া দামনাশ গ্রামেও সান্যালদের জমিদারি এবং জমিদারবাড়ি ১৯৪৭ সালের দেশভাগের আগে অব্দিও ছিলো। Kamelia Ashok Sanyal এই পরিবারের মেয়ে। ওনাদের বাড়িতে এখনো বহু প্রাচীন এক অষ্ট ধাতুর দূর্গামূর্তি রয়েছে যা থেকে বোঝা যায় এই সান্যাল পরিবারের ইতিহাস বহু পুরনো। ওনার বাবা স্বর্গীয় অশোক সান্যালের সাথে কয়েক বছর আগে আলাপচারিতায় এই তথ্যগুলো উঠে আসে।

যাইহোক, এবার মূল প্রসঙ্গে আসা যাক। এই গোটা ইতিহাসটার সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হল হিন্দু রাজা গণেশের উত্থান এবং তার পরিচয় কি ? এই নিয়ে বহু বিতর্ক হয়েছে। কিন্ত উত্তর পাওয়া যায়নি। রাজা গণেশ কি দিনাজপুরের কায়স্থ বংশীয় ছিলেন নাকি একটাকিয়া ভাদুড়ী বংশের ভাতুড়িয়া রাজ্যের জমিদার ? দ্বিতীয়টার দিকেই পাল্লা ভারী। বাংলার ঐতিহাসিকরা এই নিয়ে পাতার পর পাতা রিসার্চ করেছেন তবে প্রমাণের অভাবে কোনো চূড়ান্ত সিদ্ধানে আসতে পারেন নি।

এই প্রসঙ্গেই আমার এই লেখাটার অবতারণা করা। বারেন্দ্রদের এই গ্রুপে, রাজশাহীর রায় বংশের অনেকেই আছেন। ভাতুড়িয়ার ভাদুড়ীদের মূল উপাধি ভাদুড়ী এবং গোত্র কাশ্যপ। আপনাদের কোন প্রাচীন বংশতালিকা থাকলে এই গ্রুপে পোস্ট করবেন। এই বংশের মানুষ Smritiswar Roy মাস খানেক আগেই মারা গেলেন। ওনার এই ইতিহাস নিয়ে আগ্রহ ছিল এবং উনি নিয়মিত চর্চা করতেন।

সমস্যা হল দেশভাগের ফলে বহু ছিন্নমূল পরিবারই তাদের পরিবারের বংশলতিকা হারিয়ে ফেলেছে আর যে মানুষগুলো বা যে প্রজন্মটা তাদের ঠাকুমা দিদিমার কাছে এই ইতিহাস শুনেছেন তারাও একে একে চলে যাচ্ছেন।

বাংলার ইতিহাসের একটা অনালোচিত অধ্যয়ের সাথে এই পুরো ইতিহাসটা জড়িয়ে রয়েছে। আমার ধারণা এই বংশলতিকা গুলো ধরে ট্র্যাক করলেই, আজও রাজা গণেশ কিম্বা কালাপাহাড়ের মূল পরিচয় জানা সম্ভব হলেও হতে পারে।

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessiondnd8vi3f1338jia12f1002m014hg6fq7 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session, handler: CI_Session_files_driver::updateTimestamp)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: